পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে নারী ইউটিউবার গ্রেপ্তার

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে এক জনপ্রিয় নারী ইউটিউবারকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। একই সময়ে তাঁর সহযোগী আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ইউটিউবারের নাম জ্যোতি মালহোত্রা। তিনি ইউটিউবে ‘ট্রাভেল উইথ জো’ নামে একটি চ্যানেল পরিচালনা করেন। হরিয়ানা রাজ্য থেকে জ্যোতি ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ দাবি করেছে, জ্যোতি মালহোত্রা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইএসের কাছে তথ্য পাচার করতেন। এ ছাড়া, জ্যোতির বিরুদ্ধে পাকিস্তানি এক এজেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর তথ্যও পাওয়া গেছে।

হিন্দুস্তান টাইমস বলছে, জ্যোতির ইউটিউব চ্যানেলে ৭৭ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তিনি ভ্রমণ সংক্রান্ত ভিডিও বানিয়ে ওই চ্যানেলে আপলোড করতেন।

দিল্লির পাকিস্তার হাইকমিশনের কর্মকর্তা এহসান উর রহিমের সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠতা ছিল বলে দাবি করেছে পুলিশ। ওই ঘনিষ্ঠতার সূত্রে ২০২৩ সালে অন্তত দুইবার পাকিস্তান ভ্রমণে গিয়েছিলেন জ্যোতি মালহোত্রা।

পুলিশ আরও জানিয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে সংবেদনশীল তথ্য সরবরাহের কথা ইতোমধ্যে স্বীকার করেছেন জ্যোতি। হরিয়ানা ও পাঞ্জাবজুড়ে একটি গুপ্তচর নেটওয়ার্ক রয়েছে তাঁর। জ্যোতির বিরুদ্ধে ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১৫২ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পুলিশের দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৩ সালে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে যান জ্যোতি। সেখানে তিনি নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের (পিএইচসি) কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশের সংস্পর্শে আসেন। পরে তার মাধ্যমেই পাকিস্তানে ভ্রমণে গিয়েছিলেন তিনি। সেখানে এহসান ওরফে দানিশ তাকে পরিচয় করিয়ে দেন পাকিস্তানি নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে।

তদন্তকারী পুলিশ কর্মকর্তারা আরও দাবি করেছেন, নিয়মিত যোগাযোগের সূত্র ধরে পাকিস্তানি একজন গোয়েন্দা সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কেও জড়িয়ে পড়েন জ্যোতি মালহোত্রা। এমনকি তার সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতেও ভ্রমণ করেছিলেন তিনি।

এ দিকে, নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা এহসান-উর-রহিমকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে ভারত সরকার। গত ১৩ মে ভারত থেকে তাকে ভারত ত্যাগ করার নির্দেশ জারি করা হয়েছে।