দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, পর্যটনকেন্দ্রে ছুটছে মানুষ

নয়াদিল্লির ভয়াবহ বায়ুদূষণ থেকে স্বস্তি পেতে ভারতের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে ভিড় করছেন পর্যটকেরা। পরিষ্কার বাতাস আর স্বাস্থ্যকর পরিবেশের খোঁজে রাজধানী ছাড়ছেন অনেকেই।

ভারতের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, গত রোববার দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৭৭, যা ভয়াবহ মাত্রার কাছাকাছি। রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

শীত এলেই ধোঁয়ায় ঢেকে যায় ভারতের রাজধানী দিল্লি। যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ ও ফসলের খড় পোড়ানোর কারণে প্রতি বছরই বাড়ে বায়ুদূষণ। ফলে কঠিন হয়ে ওঠে স্বাভাবিক শ্বাস নেওয়া। 

এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ভারতের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশের বিভিন্ন শহরে ছুটছেন অনেক দিল্লিবাসী। এতে পর্যটনকেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়।

দিল্লির একজন বাসিন্দা বলেন, দিল্লির চেয়ে এখানে (হিমাচল) অনেক বেশি শান্তি। ভালোভাবে শ্বাস নিতে পারছি। এখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৫০-এর নিচে, আর দিল্লিতে সেটা প্রায় ৭০০। দিল্লি এখন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।

আরেকজন পর্যটক বলেন, দিল্লিতে বায়ুদূষণের কারণেই এখানে এসেছি। সেখানে ঘরের ভেতরেও এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে হয়। এখানে আমরা স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছি।

হিমাচল প্রদেশের বাতাস স্বাস্থ্যকর হওয়ায় পর্যটকরা আসছেন বলে জানিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা।

হিমাচল প্রদেশের জলবায়ু পরিবর্তন বিভাগের পরিবেশ বিজ্ঞানী সুরেশ আত্রি বলেন, এখানে সাধারণত এয়ার কোয়ালিটি ইনডেক্স মাঝারি পর্যায়ে থাকে। বর্তমানে এটি ৩২ থেকে ৯৭ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারের মধ্যে রয়েছে। এটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো বাতাস।

দিল্লির বায়ুদূষণ নিয়ে পরিস্থিতি সামাল দিতে সরকার কিছু বিধিনিষেধ আরোপ করলেও দূষণ একেবারেই কমেনি।