বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বেলজিয়ামে বদলি

বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিযুক্ত প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) রাষ্ট্রদূত করে নিয়ে যাচ্ছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।

২০২২ সালের অক্টোবরে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে আসেন প্রণয় ভার্মা। বাংলাদেশে আসার আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত ছিলেন তিনি।

আজ বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রণয় ভার্মা খুব শিগগিরই বেলজিয়াম ও ইইউ-তে দায়িত্ব নেবেন। 

প্রসঙ্গত, এ বছরের ২৭ জানুয়ারি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) ব্যাপারে সম্মত হয়েছে ভারত। এই চুক্তির কারণে দুই পক্ষেই পণ্য ও সেবার বিনিময় এবং বিনিয়োগ বাড়বে বলে অনুমান করে নেওয়া যাচ্ছে। চুক্তিতে ২০২৭ সালের শুরুর দিক থেকে কার্যকর হওয়ার কথা।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতের বাণিজ্যের রূপরেখা ঠিক করে দেওয়া হচ্ছে, যাতে ভারতের অর্থনীতির পরের প্রজন্মের খাতগুলো এ থেকে সুবিধা নিতে পারে। বিশেষ করে প্রকৌশল ও কারখানার উৎপাদন শিল্পের ওপর এই চুক্তিতে বিশেষ জোর দিয়েছে ভারত। এই চুক্তির অধীনে শুধু প্রকৌশলগত রপ্তানি থেকেই ভারত ৩০ হাজার কোটি মার্কিন ডলারের ব্যবসার সুযোগ দেখছে।

এদিকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার কে হতে পারেন, এ নিয়ে গুঞ্জনে বিজেপির জ্যেষ্ঠ নেতা আরিফ মোহাম্মদ খানের নাম শোনা যাচ্ছে।