বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত। শুক্রবার সপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।
রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং একই সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই আমাদের ধারাবাহিক অবস্থান। আমাদের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক প্রতিষ্ঠিত।’
এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’
এর আগে গত সপ্তাহের ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত।


