ভারতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অনুপ্রবেশকারী না কি শরণার্থী—কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রশ্ন রাখেন অভিষেক।
শুক্রবার এক রাজনৈতিক কর্মসূচিতে দেওয়া বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ‘যদি সত্যিই পশ্চিমবঙ্গ বাংলাদেশ দ্বারা পরিচালিত হয়, তাহলে দিল্লিতে শেখ হাসিনা কী করছেন? কেন তাঁকে দেড় বছরের বেশি সময় ধরে আশ্রয় দিয়েছে নরেন্দ্র মোদি সরকার?’
এ সময় অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির অবস্থানকেও কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের এই নেতা।
সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে পরিচালিত হওয়ার বদলে দিল্লি বা গুজরাট থেকে পরিচালিত হওয়াই ভালো।