ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির বিধায়ক পরিষদের নেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
শুক্রবার কলকাতায় বিজেপির বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক শেষে অমিত শাহ বলেন, বিধায়ক দলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর নামেই সর্বসম্মত প্রস্তাব এসেছে।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। এরপর থেকে পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রীর আলোচনায় শুভেন্দু অধিকারীর নামই বেশি উঠে এসেছে। অবশ্য বিজেপি জিতলে শুভেন্দুই মূখ্যমন্ত্রী হবেন, এমন আলোচনা নির্বাচনের আগেও ছিল। শুভেন্দুর পাশাপাশি মূখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রাজ্য বিজেপির সভাপতি সমিক ভট্টাচার্য ও সহ-সভাপতি অগ্নিমিত্রা পালের নামও শোনা গিয়েছিল।
এবারই প্রথম পশ্চিমবঙ্গে ক্ষমতায় এল বিজেপি। এর মধ্য দিয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটছে। এই ফলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের অন্যতম বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনের ফল প্রকাশের পর মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন না। তাঁর অভিযোগ, এই নির্বাচনের ফল জনগণের রায় নয়, বরং ‘ষড়যন্ত্রের ফল।’
এদিকে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটছে। বুধবার উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী।
রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়লেও বিজেপি নেতৃত্ব বলছে, দ্রুত নতুন সরকার গঠন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।