মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের দিন পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শপথ আয়োজনের দিনে কালীঘাটে নিজ বাড়ির চত্বরে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী।
বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এটিই তৃণমূলনেত্রীর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। কাজেই এই আয়োজন থেকে মমতা কোনো রাজনৈতিক বার্তা বা দলের ভবিষ্যৎ কর্মসূচি দেন কিনা, সেটাই দেখার বিষয় বলছেন বিশ্লেষকরা।
এর আগে পরাজয়ের পর তৃণমূলের জয়ী প্রার্থীদের নিয়ে কালীঘাটের বাড়িতেই বৈঠক করেছিলেন মমতা। সেসময় বিজেপির হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করতে জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে সেসময় রাজ্যজুড়ে এই কর্মসূচি পালনের পরিস্থিতি নেই বলে জানান তৃণমূল কংগ্রেসের জেলা পর্যায়ের অধিকাংশ নেতা।