ভারত ও বাংলাদেশের জনগণের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের মানুষের গণতন্ত্রের স্বপ্ন অভিন্ন বলেও মনে করেন তিনি। আজ বৃহস্পতিবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত নেতাজি ভবনে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন নতুন হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমরা শুধু সীমান্তের মাধ্যমে সংযুক্ত নই। বাংলাদেশের মানুষের স্বপ্নের সঙ্গেও আমরা যুক্ত। আমাদের স্বপ্ন অভিন্ন, গণতন্ত্রের অভিন্ন স্বপ্ন। তাই শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়, আমি এর সঙ্গে বাংলাদেশের আরও ২০ কোটি মানুষকে যোগ করি। ১৬০ কোটি মানুষের জন্য যা ভালো, আমি নিশ্চিত নেতাজি সুভাষচন্দ্র বসু, এই দেশের মানুষ এবং বাংলাদেশের মানুষ আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমরা একসঙ্গে থাকতে পারি এবং যা অর্জন করতে যাচ্ছি, তাতে সফল হতে পারি।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকায় আসার কথা রয়েছে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর। হাইকমিশনারের সঙ্গে তাঁর স্ত্রী মৃণাল ত্রিবেদীও ঢাকায় আসবেন।
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে গত এপ্রিলের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন দীনেশ ত্রিবেদী।