সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ দ্রুত এগিয়ে চলছে: মোদি

সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ ও রাজনৈতিক পরিবর্তনকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন বিজেপি সরকারের সাফল্য তুলে ধরলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরে এক অনুষ্ঠানে শনিবার তিনি বলেন, নতুন সরকারের আমলে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে।

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে মোদি বলেন, আগের সরকারগুলোর আমলে জমি হস্তান্তর প্রক্রিয়া দীর্ঘদিন আটকে ছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই জট কাটিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জানান তিনি।

অন্যদিকে বিগত কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূলের শাসনামলে রাজ্যে অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছিল বলে অভিযোগ করেন মোদি। দশকের পর দশক ধরে বিগত সরকারের দলগুলো পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের আখড়ায় পরিণত করেছিল বলে দাবি তাঁর।