চলমান আন্দোলনের মধ্যেই সরকারপক্ষের সঙ্গে বৈঠকে বসেছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদল। কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে এই বৈঠক হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বৈঠক শুরুর আগে খোলামেলা আলোচনা হওয়ার আশা প্রকাশ করেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস।
আলোচনায় রাজি হলেও এখনো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে শিক্ষার্থীরা। সেই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে আনা সব মামলা প্রত্যাহারের দাবি উপস্থাপন করা হবে বলেও জানানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার বিক্ষোভ নিয়ন্ত্রণে শিক্ষা সচিব বিনীত জোশিকে অপসারণ করে সরকার।
এদিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পর এবার শিক্ষার্থীদের যন্তর মন্তরের বিক্ষোভে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ও। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন রাহুল গান্ধী।
২৬ দিন পর সোনাম ওয়াংচুকের অনশন ভাঙার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এ সময় শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলবে বলেও জানান তিনি।