ভারতে পাস হলো প্রশ্নফাঁস বিল, কী আছে এতে?

ভারতের লোকসভায় বুধবার পাস হলো ‘পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’। বুধবার লোকসভায় ধ্বনিভোটে পাস হয়েছে এই বিল।  

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিলে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে অসদুপায় অবলম্বন করলে তার কঠোরতর শাস্তির বিধান, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত ও বিচার বাধ্যতামূলক করা হয়েছে এবং এই আইনের অধীনে অপরাধের বিচারের জন্য বিশেষ ফাস্ট ট্র্যাকিং আদালত গঠনের ব্যবস্থাও রাখা হয়েছে।  

সম্প্রতি প্রশ্নফাঁস ইস্যুতে উত্তাল হয়ে ওঠে দিল্লি। যন্তর মন্তরে সর্বভারতীয় মেডিকেল পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁস, ২০ জনেরও বেশি নিট পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা, শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা এবং সর্বোপরি সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেই আন্দোলনে যোগ দিতে সমবেত হয়েছিল বহু মানুষ। আন্দোলনের আঁচ কলকাতা, মুম্বাই, পাটনা সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। 

আন্দোলনের মুখে গত ২৫ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।  

পরে প্রশ্নফাঁসের অপরাধের বিচারে ফাস্ট ট্র্যাকিং আদালত গঠনের কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারত সরকারের দাবি, প্রশ্নপত্র ফাঁসের মতো সমস্যাসহ পরীক্ষার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধরনের অনিয়ম রুখতে সাহায্য করবে এই বিল।  

আইন সংক্রান্ত ওয়েবসাইট 'লাইভ ল'-এর তথ্য অনুযায়ী, এই বিলে বিদ্যমান ‘পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) অ্যাক্ট, ২০২৪’-এ বেশ কিছু বদল আনা হয়েছে। এর মূল পরিবর্তনগুলোর মধ্যে দোষীদের ক্ষেত্রে সর্বনিম্ন সাজার মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর কারাদণ্ড করা হয়েছে এবং সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। সর্বোচ্চ জরিমানাও ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫০ লাখ টাকা করা হয়েছে।