আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ভারত। এবার বিক্ষোভের কেন্দ্রে ঝাড়খণ্ড। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ করছেন শিক্ষার্থীরা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল হয়ে ওঠে দিল্লি। পরে তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। আর এবার উত্তাল ঝাড়খণ্ড। গত ২৯ জুলাই থেকে শিক্ষার্থীদের এ আন্দোলন চলছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) অনিয়মের প্রতিবাদে রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, এই কমিশনগুলোর মাধ্যমে অনুষ্ঠিত পরীক্ষায় দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে। এতে লাখ লাখ তরুণ-তরুণীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর কারচুপির অভিযোগ ওঠে। পরে মূল পরীক্ষা স্থগিত করা হয়। বিতর্ক তীব্র আকার ধারণ করলে রাজ্য সরকার এই মামলার তদন্তের ভার সিআইডির হাতে তুলে দেয়। গত ২২ জুলাই জেপিএসসি চেয়ারম্যান এল খিয়াংতে পদত্যাগ করেন। রাঁচিতে বিক্ষোভস্থলে জড়ো হওয়া বিক্ষোভকারীদের প্রধান দাবি—এই মামলার তদন্তের ভার সিবিআইকে দেওয়া হোক।
বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে পরীক্ষার্থীরা ছাড়াও বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবং ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা সমর্থিত ছাত্র সংগঠনের উপস্থিতিও দেখা গেছে। রোববার বিক্ষোভস্থলে এসে ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতো অনশন করার কথা ঘোষণা করেন। তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাঁচি কেন্দ্র থেকে জেএলকেএম-এর প্রার্থী ছিলেন।