মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস নেত্রীর অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়েছে; এতে তাঁর প্রাণহানিও হতে পারত। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সম্পৃক্ততা অস্বীকার করেছে বিজেপি।

পুলিশি হেফাজতে নিহত এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে রোববার হালিশহর এলাকায় বিক্ষোভের মুখে পড়েন মমতা। অভিযোগ উঠেছে, বিক্ষোভকারীরা তাঁর গাড়ি ঘিরে জুতা ও পানির বোতল নিক্ষেপ করে। পরে পুলিশ এসে বিক্ষুব্ধদের সরিয়ে দেয়।

পরে মমতা সাংবাদিকদের বলেন, ‘বাইরে থেকে আসা অসামাজিক মৌলবাদীরা পুলিশের সামনেই আমার গাড়িতে পাথর ছুড়েছে। গাড়ির কাচ বন্ধ না থাকলে আমার মাথা ফেটে যেতে পারত, আমি মারাও যেতে পারতাম। আমি কখনো এমন হামলার মুখে পড়িনি। পুলিশ আমাদের সুরক্ষায় কিছুই করেনি, তারা কেবল বিজেপিকে নিরাপত্তা দেয়।’

মমতার সফরসঙ্গী লোকসভার সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সংসদ সদস্য দোলা সেনও প্রশাসনের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ ব্যবহার করে রাজ্য চালাচ্ছেন।’

এদিকে রাজ্য বিজেপি সভাপতি সামীক ভট্টাচার্য সাবেক মুখ্যমন্ত্রীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই ঘটনায় বিজেপি কোনোভাবেই জড়িত নয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে অবশ্যই কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজয়ের পর নিজ নির্বাচনী এলাকায় মমতার ভাইয়ের ছেলে ও তৃণমূল এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হয়েছিল। সেই ঘটনার কয়েক মাসের মাথায় এবার মমতার ওপর একই ধরনের হামলার অভিযোগ উঠল।