পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। মূলত খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।
শুভেন্দু পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। যাত্রাপথে কোলাঘাটে হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করতে হয়।
পশ্চিমবঙ্গ প্রশাসন জানিয়েছে, এতে কারও কোনো ক্ষতি হয়নি। শুধু আবহাওয়ার প্রতিকূলতা বিচার করেই কোলাঘাটে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
কলকাতার আঞ্চলিক আবহাওয়া দপ্তর বলছে, মৌসুমি বায়ুর অক্ষরেখা অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর। এ ছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী অঞ্চলের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে।