ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। আজ রোববার আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। সকালে তিনজনকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। তার পরেই তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।
তবে নির্দিষ্ট শর্তে ছাড়া পেয়েছেন দীপকেরা। সিজেপির আইনি বিষয় যাঁরা দেখাশোনা করেন, সেই ‘লিগাল টিম’-এর প্রধান রত্না সিংহ জানিয়েছেন, দীপকে, সৌরভ এবং রাঙ্কা এক বছরের জন্য কোথাও শান্তি ভঙ্গ করতে পারবেন না। এই শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। ছাড়া পাওয়ার পর রাঙ্কা জানিয়েছেন, রোবার দুপুর ২টায় তাঁরা সাংবাদিক সম্মেলন করবেন।
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে ভারতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। এই ধারাবাহিকতায় শুক্রবার দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। তবে, কর্মসূচি শুরুর আগেই ধরপাকড় শুরু করে দিল্লি পুলিশ।
বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকেই শনিবার আটক করা হয় সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, সহ-আহ্বায়ক সৌরভ দাস ও মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে। পরে আন্দোলনের দায়িত্ব পান অজিঙ্ক শিন্দে। এর আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করে পুলিশ। রোববার ভোরে রাঠিকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, তরুণদের বিক্ষোভ চালিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিক্ষোভকারীদের আটকের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি করেছেন তিনি।