শুক্রবার দিল্লিতে ফের জড়ো হওয়ার আহ্বান অভিজিতের

কোকরোচ জনতা পার্টি–সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে শুক্রবার ভারতের দিল্লির সেন্ট্রাল পার্কে মানুষজনকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার তিনি এ আহ্বান জানান বলে বিবিসি বাংলার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে। 

সামাজিক মাধ্যম এক্স- এ প্রকাশিত এক ভিডিওতে অভিজিৎ দীপকে বলেন, ‘আপনারা সবাই জানেন যে তেরঙ্গা (ভারতের পতাকা) ওড়ানোর কারণে সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কাকে জেলে পাঠানো হয়েছে। আমি সমস্ত দেশপ্রেমিক এবং তেরঙ্গাপ্রেমী মানুষদের অনুরোধ করছি, তারা যেন তেরঙ্গা নিয়ে সেখানে উপস্থিত হন।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের তেরঙ্গা ওড়াব এবং মানুষকে বুঝিয়ে দেব যে তেরঙ্গা ওড়ানো কোনো অপরাধ নয়।’

অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।

কোকরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা বলেন, ‘এমনও হতে পারে যে আমাকেও জেলে পাঠানো হতে পারে, তবে তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’

তিনি আরও বলেন, ‘আমার তেরঙ্গা আমার গৌরব এবং আমি এটি ওড়াতেই থাকব।’