গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগের একটি সূত্র। শনিবারের এই হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি আহতের খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, এর আগে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে হামাস। হামাসের হামলায় ১০০ জন নিহত ও ৭৫০ জন আহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
হামাসের হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী। শনিবার হামাসের সদর দপ্তরসহ বিভিন্ন কম্পাউন্টে ১৭টি হামলা করেছে ইসরায়েল। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকার নাসের হাসপাতালের কাছে একটি অ্যাম্বুলেন্সেও হামলা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এটি ক্ষেপণাস্ত্র হামলা ছিল বলে জানা যায়।
ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী দল হামাস। হামলার পর হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, 'আমরা আল-আকসা রক্ষার জন্য মর্যাদার যুদ্ধ করছি।’ ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে।
এর পর ইসরায়েলের বাসিন্দাদের বিশেষ বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, 'হে ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধে নেমেছি। এবার কোনো অভিযান নয়, মহড়া নয়, যুদ্ধ।’
এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, বসতি স্থাপণকারী ও দখলদার সৈন্যদের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরক্ষার অধিকার রয়েছে। ফিলিস্তিনিদের নিরাপত্তা নিয়ে তিনি বাহিনীর সঙ্গে আলাপ করেছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন।
ইসরায়েলে হামাসের হামলাকে সমর্থন দিয়েছেন ইরানের শীর্ষ নেতা আলি খামেনির এক উপদেষ্টা রহিম সাফাভি। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ এই তথ্য জানিয়েছে। রহিম সাফাভি বলেন, 'আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের অভিবাদন জানাচ্ছি। ফিলিস্তিন ও জেরুজালেমের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের পাশে থাকব।’
এদিকে, ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ইউক্রেন। এ ছাড়া ইসরায়েলে হামাসের এই হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইতালি ও জার্মানি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 'আমরা ইসরায়েলের পাশে আছি।’ রাশিয়া সরাসরি কিছু না বললেও দুই পক্ষকে সংযত হতে বলেছে।