জর্ডানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ৬

জর্ডানে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬০ জন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে। জর্ডানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম হতাহতের সংখ্যাটি নিশ্চিত করেছে।

জর্ডানের সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ওয়াফা বানি মুস্তাফা বলেন, ‘রাজধানী আম্মানে একটি বেসরকারি বৃদ্ধাশ্রমের দ্বিতীয় তলায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে ছয়জন বৃদ্ধের নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন পাঁচজন। বাকিদের অবস্থা অতটা গুরুতর নয়। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বৃদ্ধাশ্রমটির নাম হোয়াইট বেডস সোসাইটিস সেন্টার। এটির ৮০ বর্গমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। ওই সময়ে বৃদ্ধাশ্রমটিতে ১১১ জন বাসিন্দা ছিলেন।

বৃদ্ধাশ্রম থেকে সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ওয়াফা বানি মুস্তাফা। তিনি বলেন, এখন সবাই নিরাপদে আছেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।