আমেরিকাকে কষে চড় মেরেছে ইরান: খামেনি

ইরানের হামলায় ইসরায়েল প্রায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। দীর্ঘদিন আড়ালে থাকার পর আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এই দাবি করেন তিনি। এর মধ্য দিয়ে যুদ্ধবিরতির পর এই প্রথম কথা বলতে দেখা গেল তাঁকে। ভিডিও বার্তা দেওয়ার আগে মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্টও করেন এই নেতা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরান এই যুদ্ধের মাধ্যমে আমেরিকাকে ‘কষে চড় মেরেছে’ বলেও মন্তব্য করেন আয়াতুল্লাহ আলি খামেনি। খামেনি আরও বলেছেন, ‘মার্কিন ঘাঁটিতে আঘাত করাটা ভালো হয়েছে এবং ভবিষ্যতে হুমকির মুখে এর পুনরাবৃত্তি হতে পারে।’

খামেনি জানান, ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে। ইরানের এই নেতা বলেন, তেহরানের শত্রুরা ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচিকে অজুহাত হিসেবে ব্যবহার করে, কিন্তু তারা আসলে চায় ইরান আত্মসমর্পণ করুক। কিন্তু ইরান কখনো আত্মসমর্পণ করবে না।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, ‘একদিন মানবাধিকারের কথা বলে, আরেকদিন নারীদের কথা বলে, এরপর পরমাণুর কথা বলে, তারও পর ক্ষেপণাস্ত্রের কথা বলে–এরা (আমেরিকা) আমাদের বিষয়ে নাক গলাতে আসে। আসলে এরা চায়, আমরা যাতে মাথা নত করি। কিন্তু ইরান কখনো মাথা নত করবে না।’  

পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে দাবি করেন এই নেতা। তিনি বলেন, পরমাণু কর্মসূচিতে হামলা করে তারা আসলে কোনো গুরুত্বপূর্ণ অর্জন করতে পারেনি।

ইরান-ইসরায়েল সংঘাতে আমেরিকার প্রবেশ করার কারণ হিসেবে খামেনি বলেন, ‘তাদের মনে হয়েছিল, তারা না এলে ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।’