প্রতিদিন গড়ে ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব!

গত এক বছরে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিদিন গড়ে ১ হাজার ২০০ জনের বেশি প্রবাসীকে গ্রেপ্তারের পর নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে ইয়েমেনি নাগরিকের সংখ্যাই বেশি।

বৈধভাবে পর্যটকদের জন্য সৌদি আরব খোলা থাকলেও কর্তৃপক্ষ জানায়, কিছু দর্শনার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে কাজ করছেন বা সীমান্ত দিয়ে ঢুকে নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহার করছেন।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার সতর্ক করে বলেছে, অবৈধ উপায়ে প্রবেশের সময় সহায়তা, অপরাধীদের পরিবহন, আশ্রয় দেওয়া অথবা যেকোনো ধরনের সহায়তা বা সেবাপ্রদানকারীদেরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

এসব অপরাধের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার কথা বলেছে সৌদি।