রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় বৈঠক

এখনই কোনো সিদ্ধান্তে আসার মতো সময় আসেনি: জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ বৈঠক শুরু হয়।

আজ শনিবারও আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রায় চার বছর ধরে চলমান এই যুদ্ধ থামাতে এই প্রথম একসঙ্গে আলোচনায় বসল তিন দেশ। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শুক্রবারের বৈঠকে কী আলোচনা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এটি রুদ্ধদ্বার বৈঠক ছিলো বলে জানানো হয়েছে। তবে প্রতিনিধিদের মধ্যকার আলোচনা ফলপ্রসূ ছিল বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

একই সঙ্গে বৈঠক চলাকালে সাংবাদিকদের এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বৈঠকে যোগ দেওয়া ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রয়েছে তার। কিন্তু এখনই কোনো সিদ্ধান্তে আসার মতো সময় আসেনি বলেও জানিয়েছেন এই প্রেসিডেন্ট।