নিখোঁজ পাইলটকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন বিশেষ বাহিনী

ইরানের হামলায় ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের দুই ক্রুর মধ্যে একজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজতে শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় রাতে মার্কিন বিশেষ বাহিনী ইরানে প্রবেশ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

তবে যুক্তরাষ্ট্র বা ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এ তথ্য এখনো নিশ্চিত করা হয়নি।

শুক্রবার ইরান তাদের আকাশসীমায় একটি মার্কিন ‘এফ-১৫’ যুদ্ধবিমান ভূপাতিত করে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানের হামলায় এটিই প্রথম মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা। এরপর বিমানের দুই ক্রুকে খুঁজে বের করতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৎপরতা শুরু হয়।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দুটি মার্কিন সামরিক হেলিকপ্টার ও নিচু দিয়ে উড়ে যাওয়া একটি জ্বালানি সরবরাহকারী বিমান নিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। এতে একজন ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়। তবে অভিযানের সময় তাদের লক্ষ্য করে হালকা অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

কর্মকর্তাদের মতে, ইরানের গুলিতে উভয় হেলিকপ্টারই ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি ইরাকের আকাশসীমায় ফেরার সময় ধোঁয়া ছড়াচ্ছিল, যদিও শেষ পর্যন্ত তারা নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

শুক্রবার রাত পর্যন্ত অপর মার্কিন বিমানসেনার অবস্থান অজানা ছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, স্থানীয় মিলিশিয়ারা তাকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে। তাকে আটক করতে ৬০ হাজার ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

এদিকে একই রাতে হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন ‘এ-১০ ওয়ারথগ’ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওই বিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ বিমানসেনার কোনো ক্ষতি হলে কী পদক্ষেপ নেওয়া হবে—এ বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না, কারণ আমরা আশা করছি এমনটা ঘটবে না।’