ইরান যুদ্ধে মিত্রশক্তি ন্যাটোর দেশগুলোকে পাশে না পাওয়ার তাঁদের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে হোয়াইট হাউসে এক বৈঠকে জোটটির ওপর নিজের তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন, ন্যাটোর পরীক্ষা নেওয়া হয়েছিল এবং তারা ব্যর্থ হয়েছে।
এদিকে, বৈঠক শেষে সংবাদমাধ্যম সিএনএন-কে ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানান, ডোনাল্ড ট্রাম্প অনেক মিত্র দেশের ওপর হতাশ। তবে আলোচনা খোলামেলা ও বন্ধুত্বপূর্ণ ছিল বলেও জানিয়েছেন তিনি।
মার্ক রুটেকে অভিযোগের সুরে ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ন্যাটোর কয়েকটি দেশ সরাসরি সহযোগিতা করতে রাজি হয়নি। তারা মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি এবং কিছু দেশ হরমুজ প্রণালি খুলে দিতে নৌবাহিনী পাঠাতেও অস্বীকৃতি জানায়।
এদিকে, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনের সময় ন্যাটো তাদের পাশে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না।
এই প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে ন্যাটো জোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন সংকটের মুখে।