যুদ্ধবিরতির মধ্যে বুধবার ও বৃহস্পতিবার লেবাননে চালানো ইসরায়েলের ভয়াবহ বিমান হামলাকে 'প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন' বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ধ্বংসাত্মক এই হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিবিসি'র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট বলেন, 'ইরান তার লেবানিজ ভাই-বোনদের কখনোই একা ফেলে যাবে না।'
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরদিনই লেবাননের ওপর এই হামলাকে 'প্রতারণা এবং সম্ভাব্য চুক্তিগুলো না মানার একটি বিপজ্জনক লক্ষণ' হিসেবে অভিহিত করেছেন মাসুদ পেজেশকিয়ান।
পোস্টে হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, 'এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আলোচনা অর্থবহ হবে না। আমাদের হাত এখনো (বন্দুকের) ট্রিগারেই আছে।'
এদিকে, হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বুধবার রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লিখেছেন, 'যদি কোনো কারণে চুক্তি না হয়—যার সম্ভাবনা খুবই কম—তবে এমন লড়াই শুরু হবে যা আগে কেউ কখনো দেখেনি। এটি হবে আগের চেয়েও ব্যাপক এবং আরও শক্তিশালী। ইরানের কাছে অবশ্যই কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না এবং হরমুজ প্রণালী অবশ্যই উন্মুক্ত ও নিরাপদ হতে হবে।'
উল্লেখ্য, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরদিন বুধবার লেবাননে ধ্বংসাত্মক হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী।
রাজধানী বৈরুতসহ লেবাননের বেশ কয়েকটি অঞ্চলে মাত্র ১০ মিনিটের ব্যবধানে ১০০টি বিমান হামলা চালায় ইসরায়েল। এতে দেশটিতে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১২০০ জন। নৃশংস এই হামলার ঘটনায় লেবাননে একদিনের শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।