যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইরানে হামলা থামালেও লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহও। আজ বিবিসির লাইভে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা লেবাননে নতুন করে হামলা শুরু করেছে। হিজবুল্লাহ-সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে আইডিএফ লেবাননে হিজবুল্লাহর উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা শুরু করেছে।
এদিকে লেবানন থেকে উত্তর ইসরায়েলে রকেট ছোড়া হয়েছে বলে খবর দিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ। তারা জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলে চালানো একটি হামলার জবাব দিচ্ছে, তবে এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে টাইমস অব ইসরায়েল আইডিএফকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয়, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে অল্প সংখ্যক রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দেশের উত্তরে হাইফা এলাকায় সাইরেন বেজে উঠেছে।
হিজবুল্লাহর বিবৃতিতেও উত্তর ইসরায়েলে রকেট হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হিজবুল্লাহ-সমর্থিত টেলিভিশন চ্যানেল আল মানার-এর শেয়ার করা একটি বিবৃতিতে হামলার দায় স্বীকার করা হয়েছে।
এতে বলা হয়েছে, হাইফাকে ‘উন্নত ক্ষেপণাস্ত্রের ঝাঁক দিয়ে লক্ষ্যবস্তু’ করা হয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, গোষ্ঠীটি এটি করেছে কারণ তারা ‘যুদ্ধবিরতি মেনে চলেছিল’ যখন ‘শত্রু তা মানেনি’।
এরআগে বুধবার ইসরায়েল লেবাননে সর্ববৃহৎ বিমান হামলা চালায়। রয়টার্স জানিয়েছে, যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহতম দিনের এ হামলায় এক দিনেই ২৫৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১২০০ জন।