মধ্যপ্রাচ্যে কে জয় পেল, যুক্তরাষ্ট্র নাকি ইরান?

মধ্যপ্রাচ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর চলছে ৪০ দিনের যুদ্ধে কে জয় পেয়েছে সেই আলোচনা। একদিকে ইরানের শীর্ষস্থানীয় নেতা ও সামরিক কর্মকর্তাদের হত্যা করা এবং দেশটির সামরিক শক্তি ধ্বংস করার বিষয়টিকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখাতে চাইছে যুক্তরাষ্ট্র। 

অন্যদিকে বড় ধরনের ক্ষয়ক্ষতি সত্ত্বেও ভেঙে না পড়ে রাজনৈতিকভাবে অবস্থান ধরে রেখে দৃঢ়তার পরিচয় দিয়েছে ইরান। ফলে কৌশলগত দিক থেকে ইরানকেই তুলনামূলকভাবে বিজয়ী হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে বুধবারই লেবাননে ভয়াবহ বিমান হামলা চলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বিধ্বংসী এই হামলায় একদিনেই ২৫৪ জনের মৃত্যু হয় দেশটিতে। আহত হয় প্রায় ১২০০ জন। 

যুদ্ধবিরতির মাঝেই চালানো এই হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে স্থায়ী সমাধানের বিষয়ে এখনও স্পষ্ট কোনো আশার বার্তা দিতে পারছে না। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর উভয় পক্ষই নিজেদের বিজয় দাবি করেছে।

তবে কৌশলগত বিশ্লেষণে উঠে আসছে ভিন্ন চিত্র। যুক্তরাষ্ট্র যেখানে চাপ প্রয়োগকে নিজেদের কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরতে চাইছে, সেখানে ইরান দেখাচ্ছে টিকে থাকার সক্ষমতা এবং চাপের মুখেও অনড় অবস্থান। এই প্রেক্ষাপটে অনেক বিশ্লেষকের মতে, বর্তমানে কৌশলগতভাবে এগিয়ে আছে ইরান।

সংঘাতের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল ধারাবাহিক সামরিক চাপ ইরানকে দ্রুত নতি স্বীকারে বাধ্য করবে। কিন্তু বাস্তবে তা হয়নি। বড় ধরনের হামলার পরও ইরানের রাজনৈতিক কাঠামো অটুট থাকে। টিকে যায় তাদের নেতৃত্ব। পাল্টা প্রতিক্রিয়ার সক্ষমতাও বজায় থাকে। 

ফলে প্রত্যাশিত ফল না পেয়ে উল্টো যুদ্ধের খরচ ও ঝুঁকি বাড়তে থাকে। সবমিলিয়ে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দেয়। তেলের বাজারে অস্থিরতা, বৈশ্বিক অর্থনীতিতে চাপ, মিত্রদের উদ্বেগ সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ওপর কৌশলগত চাপ বাড়তে থাকে। এমন বাস্তবতায় হঠাৎ করে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে কৌশলগত দিক থেকে যুক্তরাষ্ট্রের পিছু হটা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 

যুদ্ধে ইরান তাদের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের হারিয়েছে, অবকাঠামোগত ক্ষতির মুখে পড়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরানের ভেতরে অভ্যন্তরীণ সংহতি উল্টো আরও জোরদার হয়েছে। সরকারের প্রতি ইরানি জনগণের যে তীব্র ক্ষোভ জানুয়ারিতেও দেখা গেছে, সেটা অনেকটাই স্তিমিত হয়ে এসেছে ৪০ দিনের রক্তক্ষয়ী এই যুদ্ধে। 

শুধু ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে যুদ্ধের ফল নির্ধারণ করা যায় না বলেই মনে করছেন বিশ্লেষকরা। মূল বিষয় হলো, রাজনৈতিক লক্ষ্য পূরণ হয়েছে কি না। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অনুযায়ী ফল পায়নি। 

অন্যদিকে, ইরান বড় ক্ষতির পরও ভেঙে পড়েনি এবং রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে আছে। ফলে প্রাথমিক পর্যায়ে ইরানকেই তুলনামূলকভাবে বিজয়ী হিসেবে দেখছেন বিশ্লেষকরা।