ইরানের পক্ষে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া কে এই গালিবাফ?

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। এর একদিকে আছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

মোহাম্মদ বাঘের গালিবাফ ২০২০ সালের মে মাস থেকে ইরানি পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। ইরানে তিনি একজন রক্ষণশীল রাজনীতিক হিসেবেই পরিচিত। তিনি দেশটির সামরিক বাহিনীতেও কাজ করেছেন।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে তিনি একদিকে যেমন সংঘাত বন্ধের আশা প্রকাশ করেছেন, অন্যদিকে অবিশ্বাসের কথাও বলেছেন।

১৯৬১ সালে জন্ম নেওয়া গালিবাফ ১৯৮০ সালে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরে (আইআরজিসি) যোগ দেন। ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি বাহিনীটির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গালিবাফ সবচেয়ে বেশি সময় ধরে তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৫ সাল থেকে প্রায় ১২ বছর এই পদে ছিলেন। শহরের অবকাঠামোগত উন্নয়নের জন্য তাঁকে কৃতিত্ব দেওয়া হয়।

গালিবাফ চারবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে কোনোবারই সফল হতে পারেননি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর ইরানজুড়ে সরকার আরোপিত ইন্টারনেট বন্ধের মধ্যেও তিনি নিজের এক্স হ্যান্ডলে সক্রিয় আছেন।