মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘ আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে দেশ দুটির প্রতি যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখার জোর আহ্বান জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রোববার দেওয়া এক বক্তব্যে এ আহ্বান জানান বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
ইসহাক দার বলেন, ‘সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মেনে চলা এখন অত্যন্ত জরুরি।’
রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আগামী দিনগুলোতেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও সংলাপ সহজতর করতে পাকিস্তান তার ভূমিকা অব্যাহত রাখবে।’
পাকিস্তান এই আলোচনার আয়োজক এবং মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। রোববার সকালে ২১ ঘণ্টার ওই আলোচনায় কোনো ফল আসেনি জানিয়ে ইসলামাবাদ ত্যাগ করেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।