নৌ-অবরোধ দিয়ে ইরানকে কোণঠাসা করার ইঙ্গিত ট্রাম্পের

পাকিস্তানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ভেস্তে যাওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি নিবন্ধের লিঙ্ক শেয়ার করেছেন তিনি। ট্রাম্পের শেয়ার করা নিবন্ধটির শিরোনাম, ‘ইরান নতি স্বীকার না করলে প্রেসিডেন্টের হাতে থাকা ট্রাম্প কার্ড: নৌ-অবরোধ’।

ব্রিটিশ সংবাদমাধ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, বর্ষীয়ান মার্কিন সাংবাদিক জন সলোমনের লেখা নিবন্ধ শেয়ার করেছেন ট্রাম্প। নিবন্ধটি জন সলোমনের ওয়েবসাইট ‘জাস্ট দ্য নিউজ’-এ প্রকাশিত হয়েছে। 

ওই নিবন্ধে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইরান যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ না ছাড়ে, তবে ট্রাম্প পাল্টা বড় ধরনের নৌ-অবরোধের মাধ্যমে দেশটিকে কোণঠাসা করে ফেলতে পারেন।

এদিকে পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনা শেষ হলেও প্রশ্ন উঠেছে, কূটনীতি কি তবে এখানেই শেষ? আগামী কয়েক ঘণ্টায় কী হতে যাচ্ছে, তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে পুরো প্রক্রিয়ার প্রধান ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া না যাওয়ায়।

ট্রাম্পের নীরবতা সবাইকে ভাবিয়ে তুলছে। অথচ মাত্র কয়েক দিন আগেই তিনি এক এক্সে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনোই ফিরে আসবে না।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইসলামাবাদে কোনো চুক্তি হয়নি। তবে তাঁর বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রস্তাব এখনো টেবিলে রয়েছে। ইরান চাইলে সেটি বিবেচনা করে আবার আলোচনায় ফিরতে পারে।