মোজতবা খামেনির শারীরিক সুস্থতা নিয়ে ধোঁয়াশা

মার্কিন হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখনও পুরোপুরি সেরে ওঠেননি। তবে ইরানের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তিনি নিজেই নির্দেশনা দিচ্ছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে। 

উল্লেখ্য, গত গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ব্যাপক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে সেদিনই প্রাণ হারান ৩৬ বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাঁর প্রশাসনের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

পরবর্তীতে আয়াতুল্লাহ আলী খামেনির ৫৬ বছর বয়সী সন্তান মোজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আবির্ভূত হন। যদিও তিনি ২৮ ফেব্রুয়ারির হামলায় গুরুতর আহত হন বলে জানা যায়।

এই প্রেক্ষাপটে ক্ষমতাগ্রহণের পরও জনসম্মুখে না আসায় তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমন খবরও প্রচারিত হয় যে, রাশিয়ায় চিকিৎসাধীন আছেন মোজতবা।

এমন পরিস্থিতিতে মোজতবা খামেনির ঘনিষ্ঠজনসহ তিনটি গোপন সূত্রের বরাতে শনিবার রয়টার্স জানায়, হামলায় আহত মোজতবা খামেনির মুখ ও পায়ের জখম এখনও পুরোপুরি সারেনি। তবে এ অবস্থাতেই দেশের নেতৃত্ব দিচ্ছেন তিনি। 

শারীরিক অবস্থার উন্নতির পাশাপাশি মানসিকভাবেও মোজতবা ভালো আছেন বলে সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়।