মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহেই ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা শুরু করার কথা জানালেও ইরান জানিয়েছে, এ সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে নেই। কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনেও এ তথ্য উঠে এসেছে।
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী আলোচনার বিষয়ে ইরানের কাছে কোনো তথ্য নেই। তেহরান ও আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে, তবে এখনো কিছুই নিশ্চিত হয়নি।
ওই সূত্র আরও জানায়, ইসলামাবাদে দুই দেশের আলোচনা ভেস্তে গেলেও এখনো পাকিস্তান মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে আলোচনা শুরু হতে পারে। তিনি বলেন, যুদ্ধ শেষ হওয়ার দ্বারপ্রান্তে। আগেরটির মতো দ্বিতীয় দফা আলোচনাও ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দেন ট্রাম্প।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ বৈঠক সম্পর্কে জানিয়েছেন, ট্রাম্প ইরানের সঙ্গে বড় ধরনের দরকষাকষি করতে চান।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার কোনো চেষ্টা করা হলে তা ব্যর্থ হতে বাধ্য। তিনি জানান, ইরানের জনগণ এ পদক্ষেপ কখনো মেনে নেবে না।
ছয় সপ্তাহের যুদ্ধের পর গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে ইরান ও আমেরিকা। এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা।