মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে যে গুরুতর ঝুঁকি

মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি মন্দার ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির উচ্চমূল্য একটি অত্যন্ত গুরুতর সমস্যা হতে চলেছে এবং এতে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়বে। তাঁদের মতে, জ্বালানি-নির্ভর দেশ এবং উদীয়মান বাজারগুলো মন্দার গুরুতর ঝুঁকিতে রয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এতে চলমান অচলাবস্থার নিরসন কবে হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধ জ্বালানির বাজারকে আরও অস্থির করে তুলেছে। এ অবস্থায় এই অঞ্চলে দীর্ঘমেয়াদি মন্দার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

অয়েল ব্রোকারেজ লিমিটেডের গ্লোবাল হেড অনুপ সিং বলেন, ‘জ্বালানির উচ্চমূল্য অত্যন্ত গুরুতর ও দীর্ঘমেয়াদি সমস্যা হতে চলেছে। এতে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়বে। এশিয়ার উদীয়মান বাজারগুলোতে জ্বালানির উচ্চমূল্যের ক্ষতিপূরণের জন্য ভর্তুকি ও আর্থিক প্রণোদনা দেওয়া হবে। এর ফলে মুদ্রার সরবরাহ বাড়বে এবং এই অঞ্চলের মুদ্রার মান কমে যাবে। ওন, ইয়েন ও রুপির ক্রয়ক্ষমতা কমে যাবে।’

অনুপ সিং আরও বলেন, ‘জ্বালানি-নির্ভর দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে যখন আমরা উদীয়মান বাজারগুলোর কথা ভাবি, জ্বালানির দাম বাড়ার পাশাপাশি তাদের মুদ্রার মানও কমে যাবে। এটি তাদের জন্য দ্বিগুণ আঘাত। তাই আমরা মনে করি, উদীয়মান বাজারগুলো মন্দার গুরুতর ঝুঁকিতে রয়েছে।’

এদিকে ইরানি বিশেষজ্ঞরা বলছেন, হরমুজে মার্কিন অবরোধে জ্বালানির দাম অত্যধিক বাড়বে। রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ গাদেরি বলেন, ‘হরমুজ প্রণালি বন্ধ করলে হয়তো ইরানের ওপর চাপ সৃষ্টি হবে এবং জ্বালানির মূল্য কেবলই বাড়তে থাকবে। কিন্তু মার্কিন সমস্যার কোনো সমাধান হবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা, অন্তত ১০ দিন অবরোধ করে রাখলে ইরান পিছু হটবে। তবে তেহরান কখনো মাথা নত করবে না।’

বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালি দিয়ে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর থেকে এই রুটে জ্বালানি পরিবহন ব্যাহত হচ্ছে।