সাময়িক যুদ্ধবিরতি চলছে ইরানে। আমেরিকা ও ইসরায়েল আপাতত হামলা চালাচ্ছে না। তবে শিগগিরই হয়তো ইসরায়েল দেশটিতে আবার হামলা চালাবে। এ নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে এমন তথ্য দিয়েছে বিবিসি। একই সঙ্গে ইসরায়েলের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ইসরায়েলে হামলার খবরও জানানো হয়েছে।
আইডিএফ মুখপাত্র এফি দেফ্রিন বলেছেন, বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, ইয়াল জামির লেবানন এবং ইরান উভয় স্থানেই আরও লড়াইয়ের পরিকল্পনা অনুমোদন করেছেন।
তিনি আরও যোগ করেন, চিফ অফ স্টাফ লিতানি নদীর তীর পর্যন্ত দক্ষিণ লেবাননের সমস্ত অঞ্চলকে হিজবুল্লাহ সন্ত্রাসীদের জন্য হত্যা এলাকা হিসেবে ঘোষণা করেছেন।
দেফ্রিন বলেন, আইডিএফ এখন পর্যন্ত লেবাননে সামরিক অভিযানে ১৭০০ জনেরও বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে এবং এটি (হিজবুল্লাহ) যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের ওপর দমন-পীড়ন চালিয়ে যাবে।
এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। তারা আজ সকালে ইসরায়েল লক্ষ্য করে ওই হামলা চালায়।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে গোষ্ঠীটি জানায়, লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা, কাফার গিলাদি, মিসগাভ আম এবং মারগালিওতকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহ বলেছে, তাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই জবাব অব্যাহত থাকবে।
এমন এক সময়ে নতুন করে বড় ধরনের উত্তেজনা ছড়াল; যার কিছু সময় আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। এ ছাড়া ইরানের সঙ্গেও ইসরায়েলের শিগগিরই বৈঠক হওয়ার কথা রয়েছে।