মধ্যপ্রাচ্যজুড়ে চলছে শান্তি আলোচনা আর বৈঠক। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং যুদ্ধের স্থায়ী ও স্থিতিশীল সমাধানের লক্ষ্যে একদিকে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল-লেবানন আলোচনা শুরু হয়েছে।
এরই মধ্যে জানা গেল, গাজা ইস্যুতে সরাসরি বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও হামাস। গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এই প্রথম সরাসরি বৈঠক করল দেশ দুটি। যুদ্ধবিরতি এগিয়ে নিতে এই আলোচনা হলেও পুরো প্রক্রিয়া এখনো স্থবির হয়ে আছে বলে জানিয়েছে হামাসের দুটি সূত্র।
গত মঙ্গলবার রাতে মিশরের কায়রোতে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ উপদেষ্টা আরিয়েহ লাইটস্টোনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হামাসের প্রধান আলোচক খালিল-আল-হায়ার সঙ্গে বৈঠক করেন। এ সময় তার সঙ্গে ছিলেন গাজার জন্য বোর্ড অব পিসের উচ্চ প্রতিনিধি।
আল-হায়া বলেন, পরবর্তী ধাপে যেতে হলে প্রথম ধাপের সব শর্ত বিশেষ করে হামলা বন্ধ ও মানবিক সহায়তা প্রবেশ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
তবে একাধিক সূত্র জানায়, হামাস আগে নিরস্ত্রীকরণে রাজি না হওয়ায় আলোচনা বারবার আটকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এক সূত্র জানায়, হামাস নিরস্ত্রীকরণে রাজি হলে ইসরায়েল প্রথম ধাপের শর্তগুলো বাস্তবায়নে সম্মত হয়েছে।