ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনার কোনো তারিখ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই মুখপাত্র জানান, দুই দেশের মধ্যে আলোচনার এজেন্ডায় পরমাণু ইস্যুটিও আছে।
এদিকে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে। কিন্তু তেহরানের পরমাণু কর্মসূচিসহ বেশ কিছু বিষয় নিয়ে এখনো বড় ধরনের মতভেদ রয়েই গেছে।
ওই কর্মকর্তা আরও জানান, দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির অর্ধেকের বেশি সময় পার হয়ে গেলেও দুই পক্ষের মধ্যে এখনো বড় ধরনের দূরত্ব রয়ে গেছে।
ওই ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে, গতকাল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফর কিছু ক্ষেত্রে এই মতভেদ কমাতে সাহায্য করেছে। যুদ্ধবিরতির সময় বাড়ানো এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আবার আলোচনা শুরু করার বিষয়ে সহায়তা করেছে তাঁর এই সফর।
এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বৃহস্পতিবার ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। তবে দুই পক্ষের বৈঠকের বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
গালিবাফ গত শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় ইরানি দলের নেতৃত্বে ছিলেন। আর আসিম মুনির বুধবার ওয়াশিংটনের বিশেষ বার্তা নিয়ে ইরানে পৌঁছান।
সফরের অংশ হিসেবে আসিম মুনির ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গেও বৈঠক করেছেন।