নেতানিয়াহু-আউন আলাপ

ট্রাম্প বললেন হবে, লেবাননের পরিকল্পনা ভিন্ন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন — একজন লেবাননি কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, দুই নেতা ঐতিহাসিক আলোচনায় বসতে যাচ্ছেন।

লেবানিজ ওই কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি, আমরা এখনো সেই পদক্ষেপ নিতে প্রস্তুত নই।’

লেবাননের কর্মকর্তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা আর কোনো আলোচনায় যেতে চান না। সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বুধবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠক করেছে।

এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি কর্মকর্তারা বলেছিলেন, নেতানিয়াহু ও আউনের মধ্যে আলাপ হওয়ার কথা রয়েছে। এই সপ্তাহে ওয়াশিংটনে চার দশকের বেশি সময় পর ইসরায়েল ও লেবানন প্রথমবারের মতো সরাসরি আলোচনা করেছে। ওই আলোচনার পরই নেতানিয়াহু-আউন আলাপের এই সম্ভাবনার কথা জানানো হয়।

ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ইসরায়েল ও লেবাননের নেতারা কথা বলবেন। তবে কোথায় বা কীভাবে এই যোগাযোগ হবে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত জানাননি।

ইসরায়েল জানিয়েছে, ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে তাদের যুদ্ধ এখনই শেষ করার কোনো পরিকল্পনা নেই। এই সংঘাতে এখন পর্যন্ত ২ হাজার ১৬৭ জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং ১২ লাখের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে।