যুক্তরাষ্ট্রের নৌ–অবরোধ থাকা সত্ত্বেও ইরানের আরও একটি সুপারট্যাঙ্কার হরমুজ প্রণালি দিয়ে উপসাগরে প্রবেশ করেছে। অবরোধ ভেঙে ইরানের বন্দরে যাওয়া দ্বিতীয় জাহাজ এটি। জাহাজ চলাচলের উপাত্ত বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে সম্প্রতি অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ওই অবরোধের ঘোষণা দেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সোমবার অবরোধ শুরু হওয়ার পর থেকে ১০টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং কোনো জাহাজ অবরোধ ভেঙে প্রবেশ করতে পারেনি।
ইরানের ফার্স নিউজ এজেন্সি বুধবার জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন একটি ইরানি সুপারট্যাঙ্কার অবরোধ সত্ত্বেও প্রণালিটি অতিক্রম করে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে। ফার্স ট্যাঙ্কারটির পরিচয় বা এর যাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
এলএসইজি এবং কেপলারের তথ্য অনুযায়ী, খালি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) আরএইচএন বুধবার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। ২০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম এই ভিএলসিসিটি কোথায় যাচ্ছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।
মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ভিএলসিসি আলিসিয়া হরমুজ প্রণালি অতিক্রম করার একদিন পর ট্যাংকারটি পারস্য উপসাগরে প্রবেশ করল। কেপলারের তথ্য অনুযায়ী, আলিসিয়া ইরাকের দিকে যাচ্ছে। কেপলারের তথ্য অনুসারে, বিগত কয়েক বছরে উভয় ট্যাংকারেরই ইরানি তেল পরিবহনের রেকর্ড রয়েছে।
অবরোধে যেসব জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে, তার মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার রিচ স্টারি, যেটি উপসাগর থেকে বেরিয়ে যাওয়ার একদিন পর বুধবার ফিরে এসেছে।
ওয়াশিংটন ইরানের কিছু জ্বালানি নিষেধাজ্ঞা শিথিল করার মাত্র কয়েক সপ্তাহ পরই যুক্তরাষ্ট্র আরও আলোচনার আগে দর কষাকষির সুযোগ আদায়ের স্পষ্ট প্রচেষ্টায় ইরানের তেল ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে সতর্ক করেছে।
তেহরান থেকে একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ইরানের দেওয়া প্রস্তাবের অংশ হিসেবে নতুন করে সংঘাত এড়ানোর জন্য একটি চুক্তি সম্পন্ন হলে দেশটি আক্রমণের ঝুঁকি ছাড়াই হরমুজ প্রণালির ওমানি অংশ দিয়ে জাহাজ চলাচল করতে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই অবরোধ ইরানের অপরিশোধিত তেল রপ্তানি কমিয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।