ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতি চলছে। এর পাশাপাশি লেবাননের সঙ্গেও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সবমিলিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত শেষের দিকে যাচ্ছে; এমন আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে।
আল জাজিরার লাইভে আজ শুক্রবার এসব তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, এশিয়ায় বাজার খোলার সাথে সাথে তেলের দাম কমেছে। এর নেপথ্যের কারণ হলো, ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে আশা জাগিয়েছে।
সবশেষ খবর অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারস ১ শতাংশের বেশি কমে ব্যারেল প্রতি ৯৮.০৫ ডলারে নেমে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও তেলের দাম ব্যারেল প্রতি ৯৪ ডলারের নিচে নেমে গেছে।
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের মধ্যে গত মার্চ মাসে তেলের দাম রেকর্ড ৫০ শতাংশ বেড়েছিল এবং সম্প্রতি তা ব্যারেল প্রতি ১০০ ডলারের নিচে নেমেছে। তবে সপ্তাহজুড়ে ৯০ ডলারের সীমার মধ্যেই রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মার্কিন কর্মকর্তারা এই সপ্তাহে পাকিস্তানে ইরানি প্রতিনিধিদলের সাথে বৈঠক করতে পারেন বলে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যও বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।