মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেনটেটিভস) ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক তৎপরতা সীমিত করার বিল মাত্র ১ ভোটের ব্যবধানে নাকচ হয়েছে। বিলটির পক্ষে ভোট পড়েছে, ২১৩ টি এবং বিপক্ষে পড়েছে ২১৪টি।
মার্কিন প্রতিনিধি পরিষদের কমিটিতে প্রস্তাবটি মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার উদ্দেশ্যে আনা হয়েছিল।
বিশ্লেষকদের মতে, বিলটি প্রতীকী হলেও প্রেসিডেন্টের সম্ভাব্য ভেটো এড়িয়ে কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। তবে কংগ্রেসের কিছু সদস্য ইঙ্গিত দিয়েছেন, যদি সামরিক অভিযান ৬০ দিনের বেশি স্থায়ী হয়, তাহলে তারা অবস্থান পরিবর্তন করতে পারেন।
উল্লেখ্য, মার্কিন ফেডারেল আইন অনুযায়ী, ৬০ দিনের বেশি যুদ্ধ চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।
এর আগে গত বুধবার (১৫ এপ্রিল) মার্কিন সিনেটেও ইরানে সামরিক অভিযান পরিচালনায় ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব নাকচ হয়। প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে ৫২টি এবং পক্ষে ৪৭টি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর সাত সপ্তাহে ৪ বার ট্রাম্পের ক্ষমতা খর্ব করার প্রস্তাব মার্কিন সিনেটে ব্যর্থ হয়েছে। তবে মার্কিন আইনপ্রণেতারা জানিয়েছেন, তারা প্রতি সপ্তাহেই সিনেটে এই প্রস্তাব তুলবেন।
এদিকে, ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধে সিনেটে ভোটের উদ্যোগ নিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।
স্যান্ডার্স বলেন, এই প্রস্তাবগুলো পাস হলে ইসরায়েলে ৪৫৩ কেজি বোমা এবং ১৩২টি সাঁজোয়া বুলডোজার পাঠানো বন্ধ হবে। এসব অস্ত্রের মূল্য ৪৪ কোটি ৬০ লাখ ডলারের বেশি। যা সম্পূর্ণভাবে মার্কিন করদাতাদের অর্থে অর্থায়ন করা।
উল্লেখ্য, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির সময়সীমা বৃদ্ধি এবং সার্বিকভাবে মধ্যপ্রাচ্য সংকটের স্থিতিশীল সমাধানে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার প্রক্রিয়া চলমান আছে বলে জানা গেছে। দেশ দুটির মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২২ এপ্রিল।
এদিকে, গতকাল বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।