দক্ষিণ লেবাননে দখল করা ভূখণ্ড ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এ ঘোষণা দিলেন তিনি।
এদিকে, ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে আঙুল ট্রিগারে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে তারা বলেছেন, শত্রুর বিশ্বাসঘাতকতা ও প্রতারণা প্রতিহত করতে প্রস্তুত হিজবুল্লাহ যোদ্ধারা।
এর আগে, ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি। যদিও বহুল-প্রতীক্ষিত এই যুদ্ধবিরতি ঘোষণার আগমুহূর্তে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন নিহত হন এবং আহত হন ৩৫ জন।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল ইরান-যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর পরই লেবাননে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। ১০ মিনিটের ব্যবধানে মধ্যে দেশটির ১০০টি স্থানে ১৬০টি বোমা হামলা চালানো হয়। এতে একদিনেই অন্তত ২৫৪ জন নিহন হন এবং আহত হয় প্রায় ১২শ জন।
এদিকে, বৃহস্পতিবার ইসরায়েল-লেবানন সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর গতকাল শুক্রবার হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। তবে ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধ তুলে না নেওয়ায় শনিবার আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় ইরান।
এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধবিরতি শেষ হতে যাচ্ছে আগামী বুধবার (২২ এপ্রিল)। এরই মধ্যে জানা গেছে, আগামী সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানে দ্বিতীয় দফায় উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে, গত ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত হয় ২১ ঘন্টার সরাসরি বৈঠক উল্লেখযোগ্য সাফল্য ছাড়াই শেষ হয়। যদিও আশার কথা এই যে, দুই দেশের মধ্যে আলোচনার প্রক্রিয়া এখনও চলমান আছে।