অধিকৃত পশ্চিম তীরের ভূমি দখলের পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ৭৫ জন সংসদ সদস্য (এমপি)। আর এ জন্য ব্রিটিশ পার্লামেন্টে আনা একটি জরুরি প্রস্তাব সমর্থন করেছেন তাঁরা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ এমপি রিচার্ড বারগনের তোলা এই প্রস্তাবে ফিলিস্তিনি ভূমিকে ‘রাষ্ট্রীয় ভূমি’ হিসেবে নিবন্ধনের মাধ্যমে তা চুরির বৈধতা দেওয়ার ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয়। প্রস্তাবে এই পদক্ষেপকে অবৈধ বলে বর্ণনা করা হয়েছে।
সংসদ সদস্যরা ২০২৪ সালের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া একটি পরামর্শমূলক মতামতের কথা উল্লেখ করেন। আইসিজে ওই রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতিকে অবৈধ ঘোষণা করেছিল।
পার্লামেন্টারি মোশনে ব্রিটিশ সরকারকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে নীতি নির্ধারণ করার এবং দখলদারিত্ব বজায় রাখতে সহায়ক সব ধরনের সমর্থন বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। এতে বসতি স্থাপনের সঙ্গে যুক্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর বিধিনিষেধ আরোপের দাবি জানানো হয়।
এতে যুক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে, এসব বাণিজ্যিক ও বিনিয়োগ মূলত পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকেই শক্তিশালী করছে।
আইনপ্রণেতারা বেশ কিছু সুনির্দিষ্ট ব্যবস্থার কথা উল্লেখ করেন। এর মধ্যে আছে অধিকৃত জমিতে ইসরায়েলের বসতিতে উৎপাদিত পণ্য ও সেবা নিষিদ্ধ করা। এ ছাড়া দখলদারিত্বকে শক্তিশালী করার জন্য অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ বাজেয়াপ্ত করার মতো সুনির্দিষ্ট নিষেধাজ্ঞারও দাবি জানানো হয়েছে এতে।