হরমুজে ২ ভারতীয় জাহাজে গুলির ঘটনায় ইরানি রাষ্ট্রদূতকে তলব

মধ্যপ্রাচ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে ইরানের সামরিক বাহিনীর গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এ ঘটনার প্রেক্ষিতে দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ডঃ মোহাম্মদ ফতালিকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবারের এই ঘটনা মধ্যপ্রাচ্যের এই জলপথে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি করেছে। এই হামলায় কেউ হতাহত না হলেও বেসামরিক জাহাজে সামরিক হামলার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারত সরকার।

ভারতের সরকারি সূত্রের খবর অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি রাষ্ট্রদূতকে তলব করে এই ঘটনার বিষয়ে তেহরানের কাছে জবাব চেয়েছে। ভারতের প্রশ্ন, কোন আন্তর্জাতিক আইন বা কর্তৃত্বে বিশ্বের অন্যতম ব্যস্ততম এই বাণিজ্যিক জলপথে বেসামরিক জাহাজে গুলি চালানো হলো। ভারতের পক্ষ থেকে এই ঘটনাকে 'অগ্রহণযোগ্য' হিসেবে অভিহিত করে চরম অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

শনিবার সকালে হরমুজ প্রণালীর লারাক দ্বীপের কাছে এই ঘটনা ঘটে। জানা গেছে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডের (আইআরজিসি) গুলিবর্ষণের মুখে পড়ে ভারতীয় পতাকাবাহী জাহাজগুলো। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে দুটি ভারতীয় জাহাজ তাদের নির্ধারিত পথ পরিবর্তন করে ফিরে আসতে বাধ্য হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার মোট ৮টি ভারতীয় পতাকাবাহী জাহাজ ওই পথ দিয়ে যাওয়ার কথা ছিল। এর মধ্যে কেবল ‘দেশ গরিমা’ নামক জাহাজটি পার হতে পারলেও, বাকি সাতটি জাহাজ উত্তেজনার কারণে ফিরে আসতে বাধ্য হয়।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং (ডিজি শিপিং) জানিয়েছে, তারা পুরো পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় নাবিক ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত করাই এখন দিল্লির প্রধান অগ্রাধিকার। ওই অঞ্চলে অবস্থানরত অন্যান্য ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চলছে। তা সত্ত্বেও বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। 

এদিকে, শুক্রবার হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দেওয়ার ঘোষণা দেয় ইরান। কিন্তু ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে না নেওয়ায় আজ আবার হরমুজ বন্ধের ঘোষণা দেয় ইরান।  

গত ২৮ এপ্রিল ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে অস্থিতিশীল হয়ে উঠে মধ্যপ্রাচ্য। দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় ৪০ দিন যুদ্ধ চলার পর ইরান-যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে, যা আগামী ২২ এপ্রিল শেষ হতে যাচ্ছে। অন্যদিকে, লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতিও কার্যকর হয়েছে বৃহস্পতিবার থেকে। তবে মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধান এখনও অনেক দূরের পথ বলেই প্রতিয়মান হচ্ছে।