যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব যাচাই করছে ইরান

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে আলোচনার পর তেহরান যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবগুলো খতিয়ে দেখছে।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজে প্রকাশিত এক বিবৃতিতে সিকিউরিটি কাউন্সিল তাদের আগের বেশ কিছু দাবি পুনরায় তুলে ধরেছে। এর মধ্যে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর দাবিও রয়েছে।

অবশ্য তেহরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

কাউন্সিল জানায়, ‘অঞ্চলে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ না হওয়া এবং টেকসই শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ বজায় রাখতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর সরবরাহ পথ বিচ্ছিন্ন করে দেওয়া।’

কাউন্সিল আরও জানায়, নির্দিষ্ট ফি ব্যবস্থা, ট্রানজিট সার্টিফিকেট এবং জাহাজগুলোকে কেবল নির্দিষ্ট পথে চলাচলের অনুমতি দেওয়ার মাধ্যমেই এই নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির শনিবার ইরানে তাঁর তিন দিনের সরকারি সফর শেষ করেছেন। দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই তেহরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার প্রচেষ্টায় তিনি এবং একটি পাকিস্তানি প্রতিনিধিদল ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এর পর থেকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করেছে। কাউন্সিল এই পদক্ষেপকে ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে গণ্য করছে এবং জানিয়েছে যে, অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে না।