ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মঙ্গলবার মাদ্রিদ ইইউ'র কাছে এ-সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করবে বলেও জানান তিনি।
গতকাল রোববার আন্দালুসিয়ায় একটি রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখার সময় সানচেজ বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এর ফলে তারা ইউরোপীয় ইউনিয়নের অংশীদার হওয়ার যোগ্যতা হারিয়েছে।
সাম্প্রতিক সময়ে ইরান, লেবানন ও গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক হামলার প্রতিক্রিয়ায় এসব কথা বলেন স্পেনের প্রধানমন্ত্রী।
এদিকে, সানচেজের ভাষণের জবাব দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। স্বৈরাচারী শাসকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন- এমন কারও কাছ থেকে তেল আবিব উপদেশ নিতে চায় না বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০০০ সালের জুনে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা চুক্তিতে সই করে ইসরায়েল।
এর আগে, গত ১৪ এপ্রিল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের সাথে তাঁর দেশের একটি সামরিক সহযোগিতা চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। কারণ হিসেবে সাম্প্রতিক সময়ে ইরান ও লেবাননের ওপর ইসরায়েলি বাহিনীর চালানো ধ্বংসাত্মক হামলার দিকেই ইঙ্গিত করেন তিনি।