ইরান যুদ্ধ: মানবিক ও অর্থনৈতিক সংকট যেখানে এক সুতোয় গাঁথা

মধ্যপ্রাচ্যে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার জেরে শুরু হওয়া সংঘাত এখন শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতি ও শ্রমবাজারেও। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি প্রায় দুই মাস ধরে বন্ধ হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশেষ এশিয়া অঞ্চলে এই যুদ্ধের আঁচ ব্যাপকভাবে অনুভূত হচ্ছে। 

ভারত ও ইরানে দেখা দিয়েছে ব্যাপক কর্মসংকট ও শিল্পখাতে স্থবিরতা। সংঘাত দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। 

ভারতের গুজরাটের মোরবি অঞ্চলটি দেশটির সিরামিক শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে প্রায় ৬শটি কারখানায় কাজ করেন ৪ লাখের বেশি শ্রমিক। কিন্তু জ্বালানি সংকটের কারণে ইতোমধ্যেই প্রায় ৪৫০টি কারখানা বন্ধ হয়ে গেছে।

প্রোপেন ও প্রাকৃতিক গ্যাসের ঘাটতিতে থমকে গেছে উৎপাদন কার্যক্রম। ফলে প্রায় দুই লাখ শ্রমিক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের একটি বড় অংশই উত্তর প্রদেশ ও বিহারের মতো রাজ্য থেকে আসা অভিবাসী শ্রমিক।

শুধু কর্মসংস্থানই নয়, শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকিও সামনে এসেছে। অনেক শ্রমিক সিলিকোসিস নামে মারাত্মক ফুসফুসের রোগে আক্রান্ত হচ্ছেন, যা ধূলিকণার কারণে হয়।

অন্যদিকে, ইরানেও পরিস্থিতি ভয়াবহ। সেখানে চলছে কর্মী ছাঁটাই। দেশটির কর্মকর্তাদের মতে, চলমান যুদ্ধের কারণে প্রায় ২০ লাখ মানুষ চাকরি হারিয়েছেন।

শিল্প কারখানা ধ্বংস, আমদানি-রপ্তানি ব্যাহত হওয়া, এবং ইন্টারনেট বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ৫২ দিনের ইন্টারনেট বন্ধে ১৮০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুধু সামরিক ক্ষতি নয়, অর্থনীতিকে ভেঙে দেয়। এর প্রভাব দীর্ঘমেয়াদে আরও ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তাহলে বৈশ্বিক অর্থনীতি আরও চাপে পড়বে ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে।

ইন্টারনেট বন্ধের কারণে নারী উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ তারা অনলাইন প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল ছিলেন। এই প্রেক্ষাপটে, এখন সবার নজর শান্তি আলোচনার দিকে, কারণ যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ততই গভীর হবে এর মানবিক ও অর্থনৈতিক সংকট।