ইসরায়েল–লেবানন চুক্তিতেও কমল না তেলের দাম 

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণার পরও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমল না। বরং বেড়েই গেল। আজ বিবিসির লাইভে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি বলছে, ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি বর্ধিতকরণেও তেলের দাম কমেনি। শুক্রবার এশিয়ায় তেলের দাম সামান্য বেড়েছে। অপরিশোধিত তেলের বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট তেলের দাম ০.৭% বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১০৫.৮০ ডলার (৭৮.৬০ পাউন্ড) হয়েছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ০.৬% বেড়ে ৯৬.৫০ ডলারে দাঁড়িয়েছে।

বিবিসি লিখেছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান লড়াই ভঙ্গুর মার্কিন-ইরান যুদ্ধবিরতিকে ব্যাহত করার আশঙ্কা তৈরি করেছিল, কারণ তেহরান বলেছিল, এই সংঘর্ষ শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেন, ইরান একটি একীভূত প্রস্তাব না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র হামলা থেকে বিরত থাকবে। তখন থেকেই তেলের দাম ফের বাড়তে শুরু করে। এ ছাড়া মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন এখনও মূলত বন্ধ রয়েছে। এই নৌ পথেই পরিবহন করা হয় বিশ্বের উল্লেখযোগ্য জ্বালানি তেল।

আল জাজিরা বলছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ আবার শুরু হবে কিনা, সেই অনিশ্চয়তার কারণে তেলের দাম সামান্য ওঠানামা করছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করে ইরানও। একই সঙ্গে হরমুজ প্রণালিতে দেওয়া হয় অবরোধ। এর পর থেকেই বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা শুরু।