শুক্রবার (২৪ এপ্রিল) রাতেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে ইরান সরকার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
এক্স পোস্টে বলা হয়েছে যে, আব্বাস আরাঘচি আঞ্চলিক এক সফরে অংশ নিতে যাচ্ছেন। এই সফরে ইসলামাবাদের পাশাপাশি তিনি ওমানের মাসকাট এবং রাশিয়ার মস্কোতেও যাবেন। ইরান সরকারের তরফে আরও জানানো হয়েছে যে, আরাঘচির এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং ইরান যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হবে।
উল্লেখ, গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর আব্বাস আরাঘচির এই আঞ্চলিক সফরের ঘোষণা এল। এই ঘোষণাকে কেন্দ্র করে ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শান্তি আলোচনার সম্ভাবনার বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে চলে এল।
তবে আরাঘচির নেতৃত্বে পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে কি-না, এ বিষয়ে এক্স পোস্টে কিছু জানানো হয়নি। এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ, মাস্কাট ও মস্কো সফরে যাওয়ার বিষয়টি জানিয়েছিল দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।
পাকিস্তান সরকারের একটি সূত্রও বিবিসিকে নিশ্চিত করেছে যে, শুক্রবার রাতেই ইসলামাবাদে পৌঁছবেন আব্বাস আরাঘচি।
উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বর্ধিত সময়ের এই যুদ্ধবিরতিতে দেশ দুটির মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা কবে হবে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালানোর মধ্য দিয়ে নতুন করে শুরু হয় মধ্যপ্রাচ্য সংঘাত। টানা ৪০ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় দু'পক্ষ।
এরপর গত ১১ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার শান্তি আলোচনা, যেখানে ২১ ঘন্টার বৈঠকেও উল্লেখযোগ্য কোনো সাফল্য আসেনি। পরবর্তীতে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে গত ২১ এপ্রিল ট্রাম্প তার একক সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেন।
এই প্রেক্ষাপটে, মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী ও স্থিতিশীল সমাধানে ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শান্তি আলোচনা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে।