ইরান চাইলে যেকোনো সময় আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

ইরান চাইলে যেকোনো সময় শান্তি আলোচনায় বসতে প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিলের বিষয়টিও ফক্স নিউজকে জানিয়েছেন তিনি।

ইরান প্রসঙ্গে ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, 'আমাদের হাতে সব ক্ষমতা আছে, ওরা (ইরান) যখন খুশি আমাদের ফোন করতে পারে।' 

তবে শনিবার পাকিস্তানে ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় ট্রাম্প মার্কিন প্রতিনিধিদলটিকে না পাঠানোর সিদ্ধান্ত নেন। 

ট্রাম্প বলেন, 'আমি আমার লোকজনকে বলেছি, কিছুক্ষণ আগে ওরা (উইটকফ ও কুশনার) রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন আমি বললাম, "না, ১৮ ঘণ্টা ব্যয় করে (ফ্লাইটে) তোমাদের ওখানে যাওয়ার কোনো অর্থ হয় না। শুধু বসে বসে আজেবাজে কথা বলার জন্য তোমরা আর ১৮ ঘণ্টার বিমানযাত্রা করবে না।"'

উল্লেখ্য, আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন। উচ্চ পর্যায়ের এই বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্র সংকটের স্থায়ী সমাধানে ইরানের দাবিগুলো আরাঘচি পাকিস্তানের কাছে তুলে ধরেন। পাকিস্তান ছাড়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবার ওমান ও রাশিয়া সফর করবেন বলে জানা গেছে।