গাজামুখী ত্রাণবাহী জাহাজগুলোকে ইসরায়েলের হুঁশিয়ারি

গাজামুখী ত্রাণবাহী জাহাজগুলোকে লক্ষ্য করে ইসরায়েলি সামরিক বাহিনীর হুমকির একটি অডিও বার্তা প্রকাশ করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। অডিও বার্তায় এক ব্যক্তিকে বলতে শোনা যায়, গাজার দিকে এগোলে জাহাজগুলোর নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। 

অডিও বার্তায় হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়, অবরোধ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে বাধ্য হবে ইসরায়েলি বাহিনী। 

ফ্লোটিলায় থাকা কর্মী ও লেখক তারিক রাউফ বলেন, গ্রীসের ক্রিট দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থাতেই ইসরায়েলি বাহিনী জাহাজগুলোকে ঘিরে ফেলেছে। এসময় আকাশে উড়তে থাকা ড্রোন থেকে জাহাজগুলোর ওপর আলো ফেলা হচ্ছে। 

বর্তমানে গাজা থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে ফ্লোটিলাটি। এর আগে এত দূরের কোনো ত্রাণবাহী বহরে অভিযান চালায়নি ইসরায়েল। 

এ নিয়ে ইসরায়েলের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। তবে দেশটির গণমাধ্যমে সামরিক সূত্রের বরাতে বিভিন্ন তথ্য প্রকাশ করা হচ্ছে।