পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে হামলা, ইরানকে দুষছে আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে হামলা হয়েছে। এজন্য ইরান এবং তার সহযোগী সংগঠনগুলোকে দায়ী করেছে আমিরাত সরকার। রয়টার্স জানিয়েছে এ খবর।

এ হামলার কারণে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আমিরাত। হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে দেশটি।

কর্তৃপক্ষ জানায়, রোববার আবুধাবির আল-ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার বাইরে একটি ড্রোন আঘাত হানে। এ ঘটনায় ওই কেন্দ্রের জেনারেটরে আগুন ধরে যায়।

এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সেইসাথে হামলায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম ব্যাহত হয়নি বলেও দাবি করেছে আমিরাতের পারমাণিবিক নিয়ন্ত্রক সংস্থা। এছাড়ও তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়েছে।